সারাদেশ

বাড়ির সামনে ব্যবসায়ীকে হত্যা, ৬ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা ছিনতাই

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ১১:০৯:২৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় অলিফ চন্দ্র দত্ত (৫০) নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা ৬ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ। রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। তবে এটি শুধু ছিনতাইয়ের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মহাদেবপুর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content