প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ৯:২৬:৩৩ প্রিন্ট সংস্করণ
রংপুরে জাতীয় পার্টির অফিস বা নেতাকর্মীদের ওপর হামলার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, “ওদের যদি শক্তি থাকে তাহলে আসুক, রংপুরে জাতীয় পার্টিকে দুর্বল ভাবার সুযোগ নেই। আক্রমণ হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
শনিবার (৩০ আগস্ট) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজার রহমান অভিযোগ করেন, জাতীয় পার্টি নির্বাচনে গেলে ভালো ফল করতে পারে—এমন আশঙ্কা থেকেই বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “আওয়ামী লীগের নেতারা পলাতক কিংবা কারাগারে। সাধারণ ভোটাররা জাতীয় পার্টিকে সমর্থন দিতে পারে বলে উসকানিদাতারা ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি আরও বলেন, দেশে বর্তমানে আইনের শাসন নেই, মানুষের নিরাপত্তা ও সম্মান নেই। মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, যা দেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “মুক্তিযোদ্ধাদের অপমান মানে বাংলাদেশকে অপমান করা, পতাকাকে কলঙ্কিত করা।”
আর্মি ও পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা মব ভায়োলেন্স ঠেকাতে চেষ্টা করছে। তবে যতদিন এ অবস্থা চলবে, ততদিন দেশে স্থিতিশীলতা ফিরবে না।
জাতীয় পার্টির ঐক্যের কথা উল্লেখ করে মোস্তাফিজার রহমান বলেন, “রংপুরের মাটি এরশাদের ঘাঁটি, রংপুরের মাটি জিএম কাদেরের ঘাঁটি। কোনো ষড়যন্ত্রে জাতীয় পার্টিকে বিলীন করা যাবে না।”
এছাড়া, মাইনাস টু প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ইতোমধ্যেই মাইনাস হয়ে গেছে। এখন বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা চলছে। তবে স্বাধীনতার পক্ষের শক্তিগুলো সেটা হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।














