সারাদেশ

শরীয়তপুরে অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর নেতৃত্বে গণ অধিকার পরিষদের মিছিল

  সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১১:২২:৪৫ প্রিন্ট সংস্করণ

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর–১ (পালং–জাজিরা) আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর নেতৃত্বে ট্রাক প্রতীকের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে শহরের রাজগঞ্জ ব্রিজের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাদবর কাওসার হোসেন, সদর উপজেলা সভাপতি শাহীন কোটারী, জেলা ছাত্র গণ অধিকার পরিষদের সভাপতি জীবন আহমেদ নান্টু, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা–কর্মীসহ সহযোগী সংগঠন যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের অসংখ্য কর্মী।

সমাবেশে অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেন, “আমরা জননেতা ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। জনগণের ভোটাধিকার তাদের হাতেই ফিরিয়ে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “শরীয়তপুর–১ (পালং–জাজিরা) আসনের উন্নয়ন, বৈষম্যহীনতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আমি গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আল্লাহর অশেষ কৃপায় দল যদি আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করে, এই আসনের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে—এই বিশ্বাস নিয়ে আমি মাঠে নেমেছি।”

স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী বছর ঘনিয়ে আসায় শরীয়তপুরে রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি এসেছে, বিশেষত তরুণ নেতৃত্বের এমন উদ্যোগ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।

আরও খবর

Sponsered content