সারাদেশ

ঝিকরগাছা হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, ভোগান্তিতে রোগীরা

  এম. আমিরুল ইসলাম জীবন, রূপান্তর প্রতিবেদক, ঝিকরগাছা (যশোর) ২৫ অক্টোবর ২০২৬ , ৫:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ

 

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অনিয়ন্ত্রিত প্রবেশ ও চিকিৎসকদের কক্ষে ভিড় করার কারণে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা উপেক্ষা করে প্রতিনিধিরা হাসপাতালে আসছেন বলে অভিযোগ উঠেছে। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের মধ্যে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের কক্ষে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কক্ষে অতিরিক্ত ভিড় তৈরি হয়। অভিযোগ রয়েছে, কোনো কোনো প্রতিনিধি রোগীদের ব্যবস্থাপত্র দেখেন, ছবি তোলেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এতে রোগীদের অস্বস্তিতে পড়তে হয় এবং চিকিৎসকদের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটে।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকেও হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ করতে দেখা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রতি সোমবার বেলা ১টার পর দেড় ঘণ্টা ভিজিটের সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ের বাইরে হাসপাতালে প্রবেশ না করার নির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের আনসার সদস্য ও কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করছেন। নির্ধারিত সময়ের বাইরে কাউকে পাওয়া গেলে তাঁকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এরপরও কেউ নিয়ম অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালের মাসিক সমন্বয় সভায় সংগঠনটির সভাপতি বা সাধারণ সম্পাদক উপস্থিত থেকে নির্ধারিত সময়ে ভিজিট করার বিষয়ে সম্মতি দেন। তবে বাস্তবে নিয়ম অমান্যের অভিযোগ পাওয়া যাচ্ছে।

হাসপাতালটি এলাকার বহু মানুষের চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নির্ধারিত নিয়ম কার্যকর করা এবং তা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও খবর

Sponsered content