আইন-আদালত

কেরানীগঞ্জে যৌতুক চেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ , ২:২৪:৫৪ প্রিন্ট সংস্করণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুক চেয়ে স্ত্রী মোসা. রেহানাকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী মো. মিজানুর রহমান প্রকাশ ওরফে মিজান হোসেনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

আজ রোববার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকমুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম নিশ্চিত করেছেন, রায় ঘোষণার আগে আসামি মিজানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

এদিকে মামলার বিবরণ থেকে জানা যায় , ২০০৮ সালে মিজানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোসা. রেহানা। তাদের দু’টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় রেহানার বাবা থেকে যৌতুক হিসেবে অর্থ, স্বর্ণালংকার নেন মিজান। এরপর আবারও ৫০ হাজার টাকা দাবি করে মিজান। ২০১৯ সালের ২৫ জুলাই তাকে দুই হাজার টাকা দেয়া হয়। টাকা কম দেয়ায় রেহানাকে কেরানীগঞ্জের চর মীরেরবাগ এলাকায় মারধর করে মিজান। পরে তাকে গলাটিপে শ্বাসরোধ হত্যা করেন।

এ ঘটনায় পরদিন মিজানের ভাই মো. আব্বাস দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের পর মিজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আক্কাস মিয়া আসামি মিজানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন । এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।

আরও খবর

Sponsered content