প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২১:৩৬ প্রিন্ট সংস্করণ
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ সোমবার (১ সেপ্টেম্বর)। ১৯১৮ সালের এই দিনে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন ওসমানী। তার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়।
দিনটি উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে তার কবরে ফাতেহাপাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতার আয়োজন রয়েছে।
১৯৭১ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণের মাধ্যমে এম এ জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ঘোষণা করেন। একই বছরের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার তাকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব দেয়। তার পরিকল্পনায় মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনা করা হয়।
১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর ২৬ ডিসেম্বর তাকে জেনারেল পদে উন্নীত করে নবগঠিত বাংলাদেশের প্রথম সেনাপ্রধান করা হয়। ১৯৭২ সালের ১২ এপ্রিল তিনি অবসর গ্রহণ করেন। পরে মন্ত্রিসভায় যোগ দিয়ে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
তবে ১৯৭৫ সালে বাকশাল গঠনের প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন এই মুক্তিযুদ্ধের মহানায়ক।














