সারাদেশ

কাশিয়ানীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: গ্রামীণ জীবনে উৎসবের আমেজ

  শেখ শোভন আহমেদ: ৪ এপ্রিল ২০২৬ , ৪:০০:২৫ প্রিন্ট সংস্করণ

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে হোগলাকান্দি মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। কাশিয়ানীসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার দর্শক ভিড় জমান। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে।

এতে স্বাগতিক গোপালগঞ্জ ছাড়াও নড়াইল, যশোর, খুলনা ও ফরিদপুর জেলা থেকে আসা ঘোড়া ও সওয়ারীরা অংশ নেন। ঘোড়াদের গতি ও সওয়ারীদের দক্ষতা দর্শকদের মুগ্ধ করে, প্রতিটি দৌড়েই দেখা যায় তুমুল উত্তেজনা।

আয়োজকরা জানান, আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসা লোকজ খেলাধুলাকে টিকিয়ে রাখতেই এ আয়োজন। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এই ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ এখনও অটুট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেলিমুজ্জামান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুব উদ্যোক্তা গিয়াস উদ্দিন গালিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয় ঐতিহ্যবাহী এই আয়োজন।

আরও খবর

Sponsered content