প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৬ , ২:৪২:২৬ প্রিন্ট সংস্করণ
সময় বদলেছে, বদলেছে প্রযুক্তি ও ফ্যাশনের ধরনও। তবে পুরোনো দিনের স্মৃতির প্রতি মানুষের আকর্ষণ এখনো একই রকম। সেই নস্টালজিয়াকেই এবার নতুন মাত্রা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এর সাহায্যে বর্তমান সময়ের ছবিকে আশির দশকের আবহে রূপ দিচ্ছেন নেটিজেনরা। ফলে এক মুহূর্তেই যেন ফিরে যাওয়া যাচ্ছে চার দশক আগের সেই পরিচিত সময়ে।
চওড়া কলারের শার্ট, ওভারসাইজড ব্লেজার, পোলকা ডটের পোশাক কিংবা সেই সময়ের জনপ্রিয় চুলের স্টাইল- সবকিছু মিলিয়ে ছবিগুলোতে ফুটে উঠছে পুরোনো দিনের আবহ। তবে ছবিগুলো আসলে বর্তমান সময়েরই; কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাতে যোগ করা হচ্ছে চার দশক আগের সাজসজ্জা, পোশাক ও পরিবেশ।
এই ট্রেন্ডে সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি যোগ দিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। পূর্ণিমা, সাফা কবির, তমা মির্জা, তাসনিয়া ফারিণ, বিদ্যা সিনহা মিম, তানজিকা আমিন, মাসুমা রহমান নাবিলা, তৌসিফ মাহবুব, আরশ খান ও জিয়াউল ফারুক অপূর্বসহ অনেক তারকাকেই দেখা গেছে আশির দশকের লুকে।
চিত্রনায়িকা পূর্ণিমা নিজের এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ট্রেন্ড’।
অভিনেত্রী তানজিকা আমিনও এই স্রোতে যোগ দিয়ে নিজের রেট্রো লুকের ছবি প্রকাশ করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘গা ভাসাইলাম।’
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার ছবিতেও ধরা পড়েছে পুরোনো দিনের সেই নান্দনিকতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!’
বিদ্যা সিনহা মিমও আশির দশকের সাজে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। তার সংক্ষিপ্ত ক্যাপশন, ‘আশির দশকের লুক।’
সাফা কবিরের পোস্টেও উঠে এসেছে এই ট্রেন্ড নিয়ে উচ্ছ্বাস। আশির দশকের আদলে তৈরি নিজের ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আশির দশকের এই উন্মাদনা এখন পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে। আর চরকি এতে দারুণ এক চমৎকার ভাবনা নিয়ে হাজির হয়েছে! আশির দশকের এই লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’
ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবও নিজের ছবিতে তুলে ধরেছেন সেই সময়ের আবহ। ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’
এই ট্রেন্ডে তাসনিয়া ফারিণের উপস্থিতিও নজর কেড়েছে। আশির দশকের লুকে নিজের ছবি দেখে তার প্রতিক্রিয়ায় যেন ফুটে উঠেছে পুরোনো সময়ের প্রতি মুগ্ধতা। তিনি লিখেছেন, ‘ভালোই হতো।’
সংগীতশিল্পী পড়শীও এআইয়ের মাধ্যমে নিজেকে চার দশক আগের সময়ে কল্পনা করেছেন। নিজের রেট্রো লুকের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’
সব মিলিয়ে, এআইয়ের হাত ধরে আশির দশকের ফ্যাশন ও নান্দনিকতা আবারও জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাস্তবে সেই সময়ে না ফিরেও প্রযুক্তির সাহায্যে নিজেদের ছবিতে পুরোনো দিনের সাজ ও আবহ ফিরিয়ে এনে নস্টালজিয়ায় মেতে উঠছেন তারকারা থেকে শুরু করে সাধারণ নেটিজেনরাও।





















