পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫১:০৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা-এ পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানা-য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–২৩, তারিখ: ২৬/০২/২০২৬)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি নিচু জমিতে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আমজাদ হোসেন (৪৫)। তিনি হাবড়া ইউনিয়নের পিরোজপুর তাতীপাড়া গ্রামের বাসিন্দা এবং আমিনুল ইসলামের ছেলে।
এ বিষয়ে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পিরোজপুর গ্রামের একটি নিচু জমিতে ইয়াবা বিক্রি হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে ৬২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতকে দিনাজপুর জেলহাজত-এ পাঠানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।





















