মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৫১:৩৬ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জামিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিকারবিলা বাজারে জামিরুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টিকারবিলা বাজারে জামিরুল ইসলামের দোকানে অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী। অভিযানে দোকান থেকে অবৈধভাবে মজুদ রাখা ১৩৯ বস্তা টিএসপি ও ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির ও উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, অসৎ উদ্দেশ্যে সারগুলো মজুদ করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি অনুমোদিত কোনো সার ব্যবসায়ী নন। সার ডিলার, সাব-ডিলার ও খুচরা ব্যবসায়ীদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি অভিযানে সার জব্দ, জরিমানা ও মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী বলেন, অভিযানে অবৈধভাবে মজুদ করা ২৮৮ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।















