প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ৪:১১:৫৮ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ ও বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে একসুতোয় গাঁথার লক্ষ্যে শুরু হচ্ছে ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’। আগামী ৯ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ভিন্নরকম আয়োজনের যাত্রা শুরু হচ্ছে। আর তারই অংশ হিসেবে দেশব্যাপী মোট ১৩টি জোনে বড়পর্দায় দেখানো হবে আসন্ন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। আয়োজক হিসেবে রয়েছে হাউজ ও অ্যাথলেট স্পোর্টস গিয়ার এবং সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এ উপলক্ষে গেল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি ফুটবল টার্ফে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে ঢাকা ফুটবল ফিয়েস্তা নিয়ে বিস্তারিত তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একান্ত সচিব মো. তাছবীর হোসেন, অ্যাথলেট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেজান মাহমুদ লিংকন ও হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ ওহী।
আয়োজকরা জানান, ঢাকা ফুটবল ফিয়েস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ২০০৩ সাফ চ্যাম্পিয়ন দলকে ট্রিবিউট দেওয়া হবে। বিনোদন অঙ্গনের তারকারা শেয়ার করবেন তাদের বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চের কথা। পাশাপাশি বিশ্বকাপ জার্সি নিয়ে থাকবে ফ্যাশন শো ও ডিজে ফিউশন।
এরপরই দেশব্যাপী মোট ১৩টি জোনে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর মহাযজ্ঞ শুরু হবে। থাকবে ‘ফ্যান জোন’। আয়োজকরা জানান, ১১ জুন বিশ্বকাপ শুরুর রাতে ঢাকার তিনটি জোনে ঘটা করে এই আয়োজনের উদ্বোধন হবে। অনেকটা ইউরোপীয় ফুটবল সংস্কৃতির আদলে এসব ফ্যান জোনে থাকবে নানা আয়োজন। থাকবে ফুডস্টল, গেমিং ও জার্সি ফেস্ট। থাকবে পুরস্কার জেতার সুযোগ।
আয়োজকদের মতে, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে যে উন্মাদনা, সেখানে ভিন্ন মাত্রা যোগ করবে এই ঢাকা ফুটবল ফিয়েস্তা ও ফ্যান জোন।














