খেলাধুলা

ফাইনালের আগে ড্রেসিংরুমে কী বলেছিলেন মেসি?

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ১:৫২:৫০ প্রিন্ট সংস্করণ

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক পরাজয়ের পর আর্জেন্টিনা শিবিরের ড্রেসিংরুমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ম্যাচ শুরুর ঠিক আগে অধিনায়ক লিওনেল মেসি সতীর্থদের উদ্দেশে যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছিলেন, সেটিই এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর মেসির মুখে উচ্চারিত ‘সবকিছু ভুলে যাও’ বাক্যটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়। অনেকে এর পেছনে কোনো গোপন বার্তা বা রহস্য খুঁজতে থাকেন।

তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পুরো ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়েছে যে মেসির কথার ভিন্ন কোনো অর্থ ছিল না। তিনি মূলত ফাইনালের চাপ ও বাইরের সব আলোচনা ভুলে গিয়ে স্বাভাবিক ফুটবল খেলতে সতীর্থদের মানসিকভাবে প্রস্তুত করছিলেন।

মাঠে নামার আগে ড্রেসিংরুমে মেসিকে বলতে শোনা যায়, ‘চলো সবাই, মাথা ঠান্ডা রাখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। বাইরের সবকিছু ভুলে শুধু খেলায় মন দাও, নিজের স্বাভাবিক খেলাটা খেলো। চলো!’

তবে ভিডিওতে শুধু মেসির বক্তব্যই নয়, ধরা পড়েছে আর্জেন্টিনা দলের কৌশলগত আলোচনাও। ড্রেসিংরুম থেকে টানেল হয়ে মাঠে নামার পথে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে কীভাবে আটকে রাখা যায়, তা নিয়ে আলোচনা করেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান কুতি রোমেরো এবং গোলরক্ষক দিবু মার্টিনেজ।

একই সময়ে লিসান্দ্রো ‘লিচা’ মার্টিনেজ দিবুকে সতর্ক করে দেন যাতে প্রতিপক্ষকে বক্সের ভেতরে ঢুকে সহজে শট নেওয়ার সুযোগ না দেওয়া হয়। পাশাপাশি নিকোলাস তালিয়াফিকোকে নির্দেশ দিয়ে তিনি বলেন, পুরো ম্যাচজুড়ে ইয়ামালকে নিবিড়ভাবে মার্কিংয়ে রাখতে হবে। গোলরক্ষক দিবুকেও মানসিকভাবে দৃঢ় থেকে প্রতিটি বল নিশ্চিতভাবে নিয়ন্ত্রণে নেওয়ার পরামর্শ দেন তিনি।

অধিনায়ক হিসেবেও মেসি রক্ষণভাগকে আলাদা নির্দেশনা দেন। তিনি ডিফেন্ডারদের স্মরণ করিয়ে দেন, স্পেন আক্রমণে এলে যেন লিয়েন্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ অপ্রয়োজনীয়ভাবে সামনে উঠে না যান। বরং নিজেদের অবস্থান ধরে রেখে দলীয় ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেন তিনি।

মাঠে প্রবেশের আগে সতীর্থদের মধ্যে আত্মবিশ্বাসও ছিল চোখে পড়ার মতো। কুতি রোমেরো দিবু মার্টিনেজের পিঠ চাপড়ে বলেন, ‘আজকের দিনটা শুধুই তোমার।’ জবাবে আত্মবিশ্বাসী কণ্ঠে দিবু বলেন, ‘হ্যাঁ, আজ আমার দিন। এই দিনটা ইতিহাসে লেখা থাকবে।’

কিন্তু শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাস বাস্তবে রূপ নেয়নি। পুরো ম্যাচেই স্পেনের আধিপত্যের সামনে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল আর্জেন্টিনা। কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে না পেরে শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করতে হয় আলবিসেলেস্তেদের।

এদিকে ড্রেসিংরুমের ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হলেও বিষয়টি নিয়ে একেবারেই নির্লিপ্ত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব নিয়ে আমার কোনো ধারণাই নেই। আপনারা ঠিক কী নিয়ে কথা বলছেন, সেটাও আমি জানি না।’

আরও খবর

Sponsered content