প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২২:১৭ প্রিন্ট সংস্করণ
লা লিগায় শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শনিবারের ম্যাচে তারা ২-১ গোলে হেরে যায় ওসাসুনার কাছে। আন্তে বুদিমির ও রাউল গার্সিয়া দেল হারোর গোলেই গ্যালাকটিকোদের হারিয়ে চমক দেখায় স্বাগতিকরা।
এই হারের পর রিয়াল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে বার্সেলোনা। তাছাড়া বার্সার হাতে একটি ম্যাচ কম রয়েছে। তারা রোববার নিজেদের মাঠে লেভান্তেকে আতিথ্য দেবে। ফলে শীর্ষস্থান দখলের বড় সুযোগ এখন কাতালানদের সামনে।
৩৪তম মিনিটে এগিয়ে যায় ওসাসুনা। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়া বুদিমিরের পায়ে পা দেন। প্রথমে ‘ডাইভ’ করার অভিযোগে হলুদ কার্ড দেখানো হলেও পরে সিদ্ধান্ত বদলান রেফারি এবং পেনাল্টি দেন। স্পট-কিক থেকে শান্তভাবে গোল করেন আন্তে বুদিমির।
৭৩তম মিনিটে সমতা ফেরায় রিয়াল। বাঁ প্রান্ত দিয়ে দারুণ দৌড়ে উঠে নিচু ক্রস করেন ফেদেরিকো ভালভার্দে, আর কাছ থেকে স্লাইড করে বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র।
তবে যোগ করা সময়ে ম্যাচের নাটকীয় পরিণতি ঘটে। বদলি নামা দানি কেবায়োস বল হারালে দ্রুত পাল্টা আক্রমণে যান স্বাগতিকরা। রাউল পোরোর পাস পেয়ে রাউল আসেনসিওকে কাটিয়ে জোরালো শটে বল জালে জড়ান গার্সিয়া।
পাম্পলোনার এল সালদার স্টেডিয়ামে এই জয়ে ইতিহাস গড়ে ওসাসুনা এবং শিরোপা দৌড়ে নতুন উত্তেজনা ছড়িয়ে দেয়।




















