মাগুরা প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ৬:২৬:০৪ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের পেঁয়াজ ও রসুনের ক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রাশেদুল ইসলাম গয়েশপুর ইউনিয়নের চতুড়িয়া পূর্বপাড়া গ্রামের দুলু জোয়ার্দারের ছেলে। ক্ষতিগ্রস্ত কৃষক মিজানুর রহমান ও তার ভাই সুমন আহম্মেদ (পিতা: সিদ্দিকুর রহমান) মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কৃষক মিজানুর ও সুমন জানান, “সোমবার দিবাগত রাতে আমাদের রোপণকৃত পেঁয়াজের চারা, মুড়িকাটা পেঁয়াজ ও রসুনের জমিতে কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হয়েছে। মোট প্রায় ৩৫ শতক জমির ফসল নষ্ট হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”
অভিযুক্ত রাশেদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি নতুন বাড়ি করেছি। এই মাঠে শ্যালো মেশিনে পানি দিই ও টিলারে জমি চাষ করি—নিজেরও জমি আছে, অন্যেরও আছে। তাদের জমিতে কে বা কারা ওষুধ দিয়েছে সেটা আমি জানি না। আমার নামে অভিযোগ করা হচ্ছে—আল্লাহই ভালো জানেন।”
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “পেঁয়াজ ক্ষেত নষ্ট করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।




















