পঞ্চগড়ে বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে তেঁতুলিয়া উপজেলার ইএসডিও’র মহানন্দা ইকো কটেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মরগেন টি ইন্ডাস্ট্রির নিয়াজ আলী চিশতী সভাপতি এবং গ্রীন ফিল্ড ইন্ডাস্ট্রিজের ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দুপুরে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি পদে পপুলার টি ফ্যাক্টরির আলমগীর হোসেন ও বাংলা টি ম্যানুফ্যাকচারীর মো. শাহ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাজেদা রফিক টি গার্ডেনের মো. আসাদুজ্জামান ও ফারইস্ট টি গার্ডেনের সায়দুল হাসান প্রধান। কোষাধ্যক্ষ পদে সুপ্রিম টি গার্ডেনের আনোয়ার হোসেন। পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মলি চা কারখানার মখলেসুর রহমান, জামান এগ্রো টি গার্ডেনের ওয়ারেস জামান, সুরমা পূর্ণিমা টি গার্ডেনের শেখ ফরিদ, মেঘা টি গার্ডেনের জাহিরুল ইসলাম বাবলু এবং এলিট গ্লোবাল টি ইন্ডাস্ট্রির সেলিম মাহমুদ।
এ সময় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চা বোর্ডের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান, জুবায়ের রহমান, স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম আক্তারুজ্জামান শাহজাহান, পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আব্দুস সামাদ পুলক, নুরুজ্জামান বাবুসহ ৩০টি চা বাগানের মালিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি নিয়াজ আলী চিশতী বলেন, বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশন দেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মানসম্মত চা উৎপাদন, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে নতুন কমিটি কাজ করবে। পাশাপাশি ভ্যাট প্রত্যাহার, সহজ ঋণ সুবিধা নিশ্চিতকরণ এবং চোরাচালান রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।
সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, সদস্য ও ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি সুশৃঙ্খল ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিয়ে একযোগে কাজ করা হবে।