প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ , ১:৪৯:০৮ প্রিন্ট সংস্করণ
বার্সেলোনার জার্সিতে প্রথম মৌসুমেই লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বাদ পেয়েছেন জোয়ান গার্সিয়া। এরপর স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের গৌরবও অর্জন করেছেন এই গোলরক্ষক। সাফল্যে ভরা এক মৌসুম শেষে এবার নিজের সামনে নতুন লক্ষ্য ঠিক করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
বার্সেলোনার হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার নতুন লক্ষ্য নিয়েই মৌসুম শুরু করতে চান স্প্যানিশ গোলরক্ষক।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন। ড্রয়ের পর টানা সাত ম্যাচ জিতে শিরোপা উৎসব করে দলটি। যদিও পুরো টুর্নামেন্টে বেঞ্চেই কাটাতে হয়েছে গার্সিয়াকে, মাঠে নামার সুযোগ পাননি তিনি।
তবে ক্লাব ফুটবলে ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই গোলরক্ষক। লা লিগায় ৩০ ম্যাচে গোলবার সামলে মাত্র ২১টি গোল হজম করেন এবং ১৫টি ম্যাচে ক্লিন শিট রাখেন। তার পারফরম্যান্সে ভর করেই লা লিগার শিরোপা ধরে রাখে বার্সেলোনা। পাশাপাশি স্প্যানিশ সুপার কাপও জেতে কাতালান ক্লাবটি।
বিশ্বকাপ শেষে বর্তমানে ছুটিতে থাকা গার্সিয়া নিজের ফুটবল ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী মৌসুমের লক্ষ্য সম্পর্কে কথা বলেন।
গার্সিয়া বলেন, ‘এক বছর ধরে আমি বার্সেলোনায় আছি। এই সময়ে আমরা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছি, আর এই বছর আমরা বিশ্বকাপও জিতেছি। তাই অবশ্যই আগামী মৌসুমের লক্ষ্য হবে চ্যাম্পিয়ন্স লিগ।’
চ্যাম্পিয়ন্স লিগকে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপ সবচেয়ে বড় শিরোপা। আর ক্লাব ফুটবলে তার সবচেয়ে কাছাকাছি হলো চ্যাম্পিয়ন্স লিগ। তাই এই মৌসুমে নিজের জন্য আমি সেই লক্ষ্যই নির্ধারণ করেছি।’
বিশ্বকাপ ও ঘরোয়া লিগে সাফল্যের পর গার্সিয়ার দৃষ্টি এখন ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে। নতুন মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেই নিজের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করতে চান স্প্যানিশ এই গোলরক্ষক।















