প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:১০:৫০ প্রিন্ট সংস্করণ
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান নগরবাসীর উদ্দেশে এ আহ্বান জানান।
তিনি বলেন, শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। “ডিএমপি এই ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে,” যোগ করেন তিনি।
ডিসি তালেবুর রহমান বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে। থানা–পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও হামলাকারীদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান চালাচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতোই এই হামলার ঘটনায় জড়িতদেরও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটবর্তী থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানাতে অনুরোধ জানাচ্ছি।”
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষায় ডিএমপি আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।




















