প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৬:১৫:৩০ প্রিন্ট সংস্করণ
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৭৬ জন রোগী। ফলে একদিকে যেমন মৃত্যুর মিছিল বাড়ছে, অন্যদিকে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্থানসংকট ও তীব্র চিকিৎসাচাপ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত সর্বশেষ ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নয় মাসে মোট প্রাণ হারিয়েছেন ৪৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন রোগী এবং উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ২৯৯ জনকে অন্যত্র স্থানান্তর (রেফার) করা হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮১৮ জন।
বিভাগের মধ্যে খুলনা জেলাতেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় কেবল খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জনসহ মোট ২২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বাগেরহাটে ১১, সাতক্ষীরায় ১০, সাতক্ষীরা মেডিকেলে ৭, নড়াইলে ১২, কুষ্টিয়ায় ৪, মেহেরপুরে ৪ এবং চুয়াডাঙ্গায় ২ জন ভর্তি হন। একদিনে বিপুল সংখ্যক নতুন রোগী আসায় চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।





















