সারাদেশ

এআই নজরদারিতে নওগাঁয় প্রথম সাফল্য, ধরা পড়ল অবৈধ পার্কিং

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৫২:৩৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁ শহরকে অপরাধমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে চালু হওয়া ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ কার্যক্রম শুরুর পরদিনই সাফল্যের দেখা পেয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে আধুনিক এ প্রযুক্তি চালুর পর রোববার শহরের বিভিন্ন ঘটনায় এআই-সংযুক্ত নজরদারি ক্যামেরার মাধ্যমে তথ্য পাওয়ার দাবি করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শহরের ব্যস্ততম গোস্তহাটি মোড়ে সড়কের মাঝখানে মোটরসাইকেল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। বিষয়টি কন্ট্রোল রুম থেকে এআই-সংযুক্ত নজরদারি ক্যামেরায় শনাক্ত হওয়ার পর ট্রাফিক পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।

এর আগে শনিবার সন্ধ্যায় ল্যাব উদ্বোধনের পরপরই বালুডাঙ্গা জেলখানা রোডে জেলখানার সামনে চারটি মোটরসাইকেলসহ কয়েকজন যুবকের সন্দেহজনক অবস্থান ক্যামেরায় শনাক্ত হয় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে সদর থানার মোবাইল পেট্রোল টিম ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের অভিযোগে মামলা করা হয়।

জেলা পুলিশ জানায়, ঢাকা বাস টার্মিনাল, মুক্তির মোড়, বালুডাঙ্গা বাস টার্মিনাল ও পুলিশ লাইনসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জংশনে ৬৪টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা শহর মনিটরিং করা হচ্ছে। সিস্টেমটিতে রিয়েল টাইমে মুখ শনাক্তকরণ, স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ এবং চুরি হওয়া গাড়ি শনাক্ত ও অনুসরণের ব্যবস্থা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে শনিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাবের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে নওগাঁ শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আরও খবর

Sponsered content