মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৬ , ১২:২৯:৩২ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার খামারপাড়া গীরিধারী আশ্রমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অপূর্ব মিত্র, সহসভাপতি রথীন্দ্রনাথ ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ অধিকারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, সদস্য রতন কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীকোল ইউনিয়ন শাখার সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের গয়েশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শংকর বিশ্বাস, নিউটন বিশ্বাস প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।





















