সারাদেশ

‘সিলেট দেশের সবচেয়ে নিরাপদ শহর’, দাবি পুলিশ কমিশনারের

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার(সিলেট) ৬ এপ্রিল ২০২৬ , ১০:৫০:১২ প্রিন্ট সংস্করণ

সিলেট মহানগরকে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে দাবি করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক সূচকে সিলেটের অপরাধের হার সবচেয়ে কম এবং নিরাপত্তা সূচক সবচেয়ে বেশি।

সোমবার রাতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার জানান, আন্তর্জাতিক ক্রাউড-সোর্সড ডাটাবেজ প্ল্যাটফর্ম Numbeo-এর তথ্য অনুযায়ী সিলেট মহানগরের ক্রাইম ইনডেক্স ৩২.৭০, যা দেশের অন্যান্য মহানগরের তুলনায় সর্বনিম্ন। আন্তর্জাতিক মানদণ্ডে ৪০-এর নিচে ক্রাইম ইনডেক্স থাকলে সেটিকে নিরাপদ ধরা হয়।

এছাড়া সিলেটের সেফটি ইনডেক্স ৬৭.২০, যা ৬০-এর উপরে হওয়ায় নিরাপদ শহরের মানদণ্ড পূরণ করে। তিনি বলেন, দেশের অন্যান্য মহানগরের তুলনায় সিলেট এ সূচকে এগিয়ে রয়েছে।

তিনি আরও জানান, গত সাত মাসে সিলেটের সেফটি ইনডেক্স ৫২ থেকে বেড়ে ৬৭-এ উন্নীত হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয়।

সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ছিনতাই হিসেবে উপস্থাপন করায় গণমাধ্যমের সমালোচনাও করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, কিছু ক্ষেত্রে ব্যক্তিগত বিরোধের ঘটনাকে ছিনতাই হিসেবে প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, ইতোমধ্যে ২৬৩ জন ছিনতাইকারীকে চিহ্নিত করে তালিকা করা হয়েছে, যার মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে বিশেষায়িত টিম গঠন করা হয়েছে।

গ্রেপ্তার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১৯ জন ডাকাত, ৪৮ জন ছিনতাইকারী ও ৯৫ জন চোর গ্রেপ্তার করা হয়েছে। আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২০ জন ডাকাত, ১০৩ জন ছিনতাইকারী ও ১০৪ জন চোর।

তিনি বলেন, অপরাধ পুরোপুরি শূন্যে নামিয়ে আনা সম্ভব না হলেও নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেলে একটি শহরকে নিরাপদ বলা যায়। নিরাপত্তা নিশ্চিত হলে পর্যটকদের আগমনও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন। পুলিশের বক্তব্য নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।

আরও খবর

Sponsered content