সারাদেশ

নিউজিল্যান্ডে চাকরির প্রলোভনে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, রাজশাহীতে সংবাদ সম্মেলন

  মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৭:৫৯ প্রিন্ট সংস্করণ

নিউজিল্যান্ড-এ উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্রের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী-এর হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. আব্দুল্লাহ আল মামুন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামুন জানান, প্রণব কুমার সাহা ও আরিফ আলী আকন্দের মাধ্যমে তিনি ভুট্টু মৃধা ও তার ছেলে হৃদয় মৃধার সঙ্গে পরিচিত হন। পরিচয়ের পর ভুট্টু মৃধা ও হৃদয় মৃধা তাদের নিউজিল্যান্ডে উচ্চ বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দেন।

ভিসা প্রসেসিং, ওয়ার্ক পারমিট, বিমানের টিকিটসহ অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা বলে ২০২৫ সালের ১৫ জুন প্রত্যেকের কাছ থেকে ১৪ লাখ টাকা করে মোট ৪২ লাখ টাকা গ্রহণ করেন তারা বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী মামুন আরও জানান, টাকা নেওয়ার পর অভিযুক্তরা ৮ জুলাই ২০২৫ তারিখে নিউজিল্যান্ডগামী ফ্লাইটের সময়সূচি নির্ধারণ করেন। ওইদিন সকালে তাদের হাতে বিমানের টিকিট তুলে দিয়ে বিকেলে ফ্লাইট রয়েছে বলে জানানো হয়। তবে নির্ধারিত সময়ে বিমানবন্দরে গিয়ে চেক-ইন কাউন্টারে কর্তৃপক্ষ টিকিটে ত্রুটি রয়েছে এবং সেটি বৈধ নয় বলে জানায়। পরে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায় যে টিকিটটি জাল।

ঘটনার পর ভুক্তভোগীরা অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে দাবি করা হয়। পরবর্তীতে অভিযুক্তদের সন্ধান পেয়ে টাকা ফেরত চাইলে একাধিক তারিখ দিলেও তারা অর্থ ফেরত দেননি।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২১ অক্টোবর মোহনপুর থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে তারা জানান, কষ্টার্জিত অর্থ হারিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ দ্রুত উদ্ধারের দাবি জানান তারা।

এদিকে অভিযুক্ত ভুট্টু মৃধা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, নেওয়া টাকার চেয়ে বেশি টাকার স্ট্যাম্প করা হয়েছে। বিশেষ কিছু কারণে তাদের পাঠানো সম্ভব হয়নি দাবি করে তিনি বলেন, তিনি এ পেশায় নতুন নন এবং তার মাধ্যমে আগে অনেক মানুষ বিদেশে গেছেন।

আরও খবর

Sponsered content