সারাদেশ

টেকনাফে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

  কক্সবাজার প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ , ১:১৭:২৮ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। রোববার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বটতলী থেকে পর্যটনপাড়া হয়ে আদর্শগ্রাম এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান পরিবহনের খবর পেয়ে পাঁচটি চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।

অটোরিকশায় থাকা মালামাল সম্পর্কে চালকদের জিজ্ঞাসাবাদ করলে তারা সেগুলো সামনের মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের বলে জানান। পরে মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহলদল শটগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি সেটি ফেলে অন্ধকারে পালিয়ে যান।

পরে দুটি অটোরিকশা ও মোটরসাইকেলটি জব্দ করে ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে তল্লাশি চালিয়ে বস্তা, প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ৯.৯৬ মিলিমিটার ক্যালিবারের ২৫৪ রাউন্ড গুলি, বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি টুল বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স। এ ছাড়া ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন দানার বিস্ফোরক দ্রব্য, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল এবং ৩ কেজি পেরেক উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।

বিজিবি জানায়, আটক দুজন, উদ্ধার করা আলামত ও জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, দেশের অভ্যন্তরে নাশকতায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত ও পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content