নওগাঁ প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০:৩০:৩০ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় চেক ডিজঅনারের (এনআই অ্যাক্ট) মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম (৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর গ্রেটার রোড এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুপাড়া গ্রামের ছাবের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলামের নেতৃত্বে বোয়ালিয়া থানা পুলিশের সহযোগিতায় একটি দল রাজশাহীর ওই কোচিং সেন্টারে অভিযান চালায়। সেখান থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে মান্দা থানায় নিয়ে আসা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্ট-১৮৮১-এর ১৩৮ ধারায় করা একটি মামলায় (মামলা নম্বর ২০৪৭/১৭-এসসি) ২০২৪ সালে শহিদুল ইসলামের বিরুদ্ধে সাজার রায় দেন আদালত। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















