প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত স্বামীর হামলায় গুরুতর আহত সোনিয়া আক্তার নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ২৭ প্লাস নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।
তিনি জানান, সোনিয়া আক্তার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে সোনিয়া আক্তারের ওপর হামলা চালান তার কথিত স্বামী। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
নিহত সোনিয়া আক্তার দৌলতদিয়া যৌনপল্লীর তোফাজ্জেল হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় বাড়িওয়ালা তোফাজ্জেল হোসেন তপু বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
ওসি সফিকুল ইসলাম জানান, মামলা দায়েরের আগেই জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে সোনিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও চরম আতঙ্ক দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





















