ঢাকা প্রতিনিধি : ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৪৯:৪৫ প্রিন্ট সংস্করণ
শিল্প, সৃজনশীলতা ও কর্মদক্ষতার সমন্বয়ে নতুন প্রজন্মের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে যাত্রা শুরু করতে যাচ্ছে পটুয়া কামরুল হাসান স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (পিকিউএইচএসডিআই)।
চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের সৃজনশীলতা, দেশপ্রেম ও কর্মচেতনার আদর্শকে ধারণ করে গড়ে উঠছে সম্পূর্ণ অলাভজনক এই প্রতিষ্ঠান। তরুণদের বাস্তবমুখী দক্ষতায় দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
প্রাথমিক পর্যায়ে বিউটি ইন্ডাস্ট্রির বিভিন্ন পেশায় আগ্রহী তরুণ-তরুণীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন, কর্মজীবনে প্রবেশ এবং ভবিষ্যতে নিজস্ব উদ্যোগ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির উদ্যোগ ও পরিচালনায় রয়েছেন পটুয়া কামরুল হাসানের একমাত্র কন্যা সুমনা হাসান। তিনি স্টুডিও ২০০০ ও স্টুডিও মেনজের স্বত্বাধিকারী এবং বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক।
প্রশিক্ষণ ও কার্যক্রম ব্যবস্থাপনায় কেন্দ্র ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল মিয়া। স্কিল ট্রেনিং সেক্টরে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণ কার্যক্রমকে সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
ভবিষ্যতে পিকিউএইচএসডিআইকে শুধু একটি প্রশিক্ষণকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে তথ্যপ্রযুক্তি, শিল্পকলা ও কারিগরি দক্ষতা উন্নয়নের সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি, শিল্প ও কারিগরি দক্ষতার সমন্বয়ে তরুণদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে তোলাই হবে এই উদ্যোগের দীর্ঘমেয়াদি লক্ষ্য।
প্রতিষ্ঠানের ঠিকানা:
২৫/এ হাউজ, ১৮ নম্বর রোড, সেক্টর-৩, উত্তরা, ঢাকা।















