আন্তর্জাতিক

সৌদিতে হুথিদের হামলায় জ্বালানি স্থাপনার কার্যক্রম বন্ধ, আহত ৭৩

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের ইরানপন্থী হুথিদের হামলার পর কয়েকটি জ্বালানি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার এসব হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর বেশ কয়েকটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে অগ্নিনির্বাপণ ও অন্যান্য জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। হামলার পর কয়েকজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনুমোদিত পরিচালন পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোট জানিয়েছিল, দক্ষিণাঞ্চলের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরে হুথিদের হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সৌদি আরবের ওপর হামলাকে ‘বিপজ্জনক’ উত্তেজনা হিসেবে উল্লেখ করে বলেন, হুথিদের মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এই সন্ত্রাসী মিলিশিয়াকে প্রতিহত করতে জোট প্রয়োজনীয় সব ধরনের কার্যকর ব্যবস্থা নেবে এবং তাদের বৈরী কর্মকাণ্ডের দৃঢ়ভাবে মোকাবিলা করবে।’

ইয়েমেনের জনবহুল অঞ্চল ও দেশটির উত্তরাঞ্চলের বড় একটি অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা গত জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর থেকে দেশটির দিকে হামলা চালিয়ে আসছে। এসব হামলার মধ্যে লোহিত সাগরে সৌদি সংশ্লিষ্ট জাহাজগুলোও লক্ষ্যবস্তু হয়েছে।

আরও খবর

Sponsered content