প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৮:০৪:১৪ প্রিন্ট সংস্করণ
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।।
আজ রোববার রাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন মানুষের আটকা পড়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে কল দিয়ে বাঁচানোর আকুতি জানাচ্ছেন।
ঘটনাস্থল থেকে ধারণ করা বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, ভবনটি যেখানে ছিল সেখানে শত শত মানুষ ভিড় জমিয়েছেন। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা দুঃখ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা এই ভবনে থাকতেন। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে আছেন তা স্পষ্ট নয়, তবে পাঁচ, দশ বা বিশ—যে সংখ্যাই হোক না কেন, অনেকে যে এখনও আটকা পড়ে আছেন তা নিশ্চিত।
পুলিশ জানিয়েছে, ধসে পড়া ভবনটির নিচের অংশে বা বেসমেন্টে কিছুদিন ধরে কিছু কাজ চলছিল। স্থানীয়দের ধারণা, ঘটনার সময় ভবনের ভেতরে অন্তত ১৫ জনের মতো মানুষ আটকে থাকতে পারেন। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি, পুলিশ, জরুরি চিকিৎসাসেবা দল এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) একযোগে কাজ করছে। কংক্রিটের বড় বড় চাপ ও বিম সরানোর জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে।





















