সারাদেশ

মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ৩ সেপ্টেম্বর ২০২৬ , ৬:১০:২১ প্রিন্ট সংস্করণ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মধুপুর থানা ও ৫ নম্বর গোলাবাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বাসিন্দা, কমিউনিটি পুলিশের সদস্য, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে মধুপুর থানার এসআই আসাদুল ইসলাম আসাদ, এএসআই আব্দুল হান্নান, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদকসংক্রান্ত কোনো তথ্য পেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

আরও খবর

Sponsered content