সারাদেশ

কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগে চাকসুর ভিপি রনি

  কুষ্টিয়া জেলা প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২৫:২০ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি, মাদক, দুর্নীতি ও কিশোর গ্যাং সংস্কৃতি চিরতরে নির্মূল হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু)-এর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “এই নির্বাচনের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে, তা হলো গণভোট। গণভোটে জনগণের রায় ‘হ্যাঁ’ হলে বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী পরিবর্তনের পথে অগ্রসর হবে।”

তিনি আরও বলেন, অতীতে গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত স্বৈরাচারী শাসনব্যবস্থা আর ফিরে আসতে পারবে না। জনগণের সচেতন অংশগ্রহণই দেশকে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে নিয়ে যাবে।

পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোর্য়াদ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহরে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ইব্রাহিম হোসেন রনি। র‍্যালিটি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে মজমপুর সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্টের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক এনামুল হক, কুষ্টিয়া শহর শাখার সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে একটি আদর্শ বাংলাদেশ গড়তে ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করে আসছে বলে বক্তারা জানান।

আরও খবর

Sponsered content