সারাদেশ

রাবির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  রাজশাহী জেলা প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১২:৫৩:০০ প্রিন্ট সংস্করণ

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় নিজ বাড়ি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) ওই এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) পিয়ন হিসেবে কর্মরত। ইতি মেহেরচণ্ডী এলাকার ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার একটি আবাসিক বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীটিকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, শিক্ষার্থীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।

আরও খবর

Sponsered content