প্রচ্ছদ

মাধবপুরে স্কুল মাঠে জলাবদ্ধতা, দায়ী দুই প্রভাবশালী

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২৬:১৩ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ও চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়সংলগ্ন জলাশয়ের পানি বের হওয়ার জন্য একটি নালা (ফাইভ) ছিল। তবে ওই গ্রামের প্রভাবশালী মইদর আলীর ছেলে বাবুল মিয়া ও খোকন মিয়া সরকারি খাস জমি ভরাট করে নালা বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এর ফলে মাঠে সবসময় পানি জমে থাকে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রতিদিন ভেজা মাঠে দাঁড়িয়ে এসেম্বলি করতে হয়। অনেক শিক্ষার্থী পিছলে আহত হয়েছে। জলাবদ্ধতার কারণে শৌচাগারও ব্যবহার করা যাচ্ছে না। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার উদ্দিন বলেন, “নালা ভরাট করার কারণে মাঠ সবসময় পানিতে ডুবে থাকে। শিক্ষার্থীরা খেলাধুলা বা এসেম্বলি করতে পারে না।” এ বিষয়ে তিনি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত বাবুল মিয়া ও খোকন মিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, “তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content