প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৩৩:০৭ প্রিন্ট সংস্করণ
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মোতাহার হোসেন খান সুফল ও সক্রিয় কর্মী আবু জাফর মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগ তাদের জামিন আবেদন করে আগামীকাল রোববার শুনানি করতে চান। তাই আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন বিষয়ে শুনানির দিন রোববার ঠিক করেন।
আসামি সুফল যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর মডেল থানার ৬০ ফিট ভাঙ্গাব্রিজ এলাকা থেকে সুফলকে এবং রাত আড়াইটার দিকে মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লক ডাউন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গেল গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে টেকনিক্যালগামী অভিজাত পরিবহনের একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসটির পেছনের কয়েকটি সিট, ফ্যানসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
ওই সময় বাসে থাকা প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী দ্রুত নেমে নিজেদের জীবন রক্ষা করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দিতে দিতে দারুসসালাম ও শাহআলী মাজারের দিকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করে পুলিশ।















