হৃদয় রায়হান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৬:০৬ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ৪৭ বিজিবি।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১টার দিকে ৪৭ বিজিবি ব্যাটেলিয়নের নেতৃত্বে ডা. গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১৬ দাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রীছাউনি এলাকার একটি চায়ের দোকান থেকে রোজিনা (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ভেড়ামারা উপজেলার ষোলদাগ ভাতপাড়া গ্রামের আশরাফুলের স্ত্রী।
গ্রেফতারের সময় রোজিনার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রোজিনা দীর্ঘদিন ধরে ১৬ দাগ যাত্রীছাউনিসহ আশপাশের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(গ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।




















