প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ৩:৫৪:২৪ প্রিন্ট সংস্করণ
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
“দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য”—এই বিষয়কে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ।
প্রতিযোগিতার শুরুতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। পরিবার থেকেই একজন নাগরিকের নৈতিক ভিত্তি গড়ে ওঠে। তাই দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো—ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বড় বিহানালী উচ্চ বিদ্যালয়, সাঁকোয়া উচ্চ বিদ্যালয় এবং কাচারি কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়।
সুষ্ঠু ও প্রাণবন্ত যুক্তি-তর্কে অনুষ্ঠিত এ বিতর্কে প্রথম স্থান অর্জন করে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অর্জন করে চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
বিতর্কের মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।
বিচারক প্যানেলে ছিলেন—ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মামুনুর রশিদ মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল করিম, ভানসীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ও আরও অনেকে।
আয়োজনের শুরুতে দুর্নীতি বিরোধী একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।




















