সারাদেশ

বেরোবিতে শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষার্থে আবাসিক হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার  ৬ জুলাই ২০২৬ , ১:১৬:৩০ প্রিন্ট সংস্করণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মাণাধীন চারটি নতুন আবাসিক হলের একটির নাম জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষার্থে ‘শহীদ আবু সাঈদ হল’ রাখা হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।
রবিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এই ঐতিহাসিক ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী শহীদ আবু সাঈদকে ‘জাতীয় বীর’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ২৪-এর জুলাই আন্দোলনের বীরদের অসম সাহসিকতা ও জুলাইয়ের চেতনাকে আমাদের সবার মাঝে চিরস্মরণীয় করে রাখতে হবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিশ্রুতি অনুযায়ী ‘আবু সাঈদ গেট’ নির্মাণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং মেগা প্রকল্পের মাধ্যমে নতুন ছাত্রাবাসের নামকরণও তাঁর নামেই করা হবে।
উপাচার্য আরও আশা প্রকাশ করেন যে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও বকুল মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও খবর

Sponsered content