সারাদেশ

কোম্পানীগঞ্জে প্রভাবশালীদের থেকে কৃষকের জমি উদ্ধার দাবিতে মানববন্ধন

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার, সিলেট: ২৬ নভেম্বর ২০২৫ , ১২:৪৭:৪৪ প্রিন্ট সংস্করণ

 

সিলেটের কোম্পানীগঞ্জে প্রভাবশালীদের থেকে কৃষকের সরকারি জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

পরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেলিখাল গ্রামের কৃষক মো. ইমন মিয়া। তিনি জানান, তারা কোম্পানীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা এবং কৃষি কাজ করেই জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। তবে চাষযোগ্য জমি প্রভাবশালীদের দ্বারা দখল হওয়ায় কৃষকরা বিপর্যস্ত। ইমন মিয়া বলেন, “কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের লোভা হাওর, পিপঁড়াখাল হাওর মৌজা সহ গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের কিছু প্রভাবশালী অবৈধভাবে কৃষি ও অন্যান্য জমি দখল করেছে। প্রায় কয়েকশো একর জমি দখল হয়ে আছে। কোম্পানীগঞ্জের জমির এক-তৃতীয়াংশ বালু ও পাথর মিশ্রিত, এতে কৃষি কাজ করা কঠিন। কিন্তু প্রভাবশালীরা আমাদের জমি দখল করে রেখেছে।”

তিনি আরও উল্লেখ করেন, দখলদারদের মধ্যে রয়েছে গোয়াইনঘাটের লাকী গ্রামের ছয়ফুল, তৈয়ব মেম্বার, আব্দুল করিম, মনির, আব্দুর রহিমসহ অনেকে। তাদের নামে বেনামে কিছু অবৈধ বন্দোবস্ত রয়েছে। কোম্পানীগঞ্জের পাথর কোয়ারী বন্ধ থাকায় কৃষকরা বেকার হয়ে পড়েছে, জমি উদ্ধার করে কৃষি উপযোগী করা গেলে বেকারত্ব হ্রাস পাবে।

ইমন মিয়া সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, “শ্রমিকদের বেকার অবস্থা দূরীকরণের জন্য এবং কোম্পানীগঞ্জের জমিকে কৃষি কাজে ব্যবহারযোগ্য করার জন্য দখলদারদের দখল ও অবৈধ বন্দোবস্ত বাতিল করতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমির আলী, শফিক মিয়া, রাহিম আলী, আব্দুল হান্নান, গোলাম কবীর, ফকির আলী ও আল আমিন।

আরও খবর

Sponsered content