মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ১২:৩২:২৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, অবৈধ ওষুধ, একটি গরু, একটি ওয়াকিটকি সেট ও একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্র শনাক্তে তদন্ত শুরু করেছে বিজিবি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে মাধবপুর উপজেলার সাতছড়ি–তেলিয়াপাড়া সড়কে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বিশেষ টহল দল একটি মিনিট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যানে তল্লাশি চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও অবৈধ ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৪ লাখ টাকার বেশি।
একই দিন বিকেলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি এলাকায় পৃথক অভিযানে সীমান্তঘেঁষা অঞ্চল থেকে একটি ভারতীয় গরু, একটি ওয়াকিটকি সেট ও একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত এসব সামগ্রীর মূল্য প্রায় ৭৩ হাজার ৮৫০ টাকা বলে জানানো হয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।





















