রাজনীতি

বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালিত হবে: তারেক রহমান

  আবুল কাশেম রুমন, সিলেট ব্যুরো অফিস : ২২ জানুয়ারি ২০২৬ , ৯:৪৭:৫৩ প্রিন্ট সংস্করণ


আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বেহেস্তের মালিক আল্লাহ, দোযখের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, চন্দ্র-সূর্য ও নভোমণ্ডল-ভূমণ্ডলের মালিক আল্লাহ—এইসব মালিকানা মানুষের নয়। সুতরাং একদল নির্বাচনের আগে মানুষকে ঠকাচ্ছে, তারা নির্বাচনের পরে কীভাবে ঠকাবে তা বুঝতে হবে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “একটি মহল দেশে ষড়যন্ত্রের চেষ্টা করছে। যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো আবারও ব্যালট ডাকাতির ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে, যে কোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করতে পারবে।”

তিনি আরও বলেন, “বিগত ১৫ বছর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠানো হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই।”

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ও দেশের অর্থনীতির উন্নয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, “বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে। খাল খননের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াবো। আমরা কৃষকদের উন্নয়ন করতে চাই। ১২ তারিখে ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারবো।”

তিনি বলেন, “কীভাবে বাংলাদেশ একটি দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা ভুলিনি। দিল্লি নয়—পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”

নারী ও যুব সমাজের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমরা সকল শিক্ষিত মা-বোনকে স্বনির্ভর করতে চাই। লাখ লাখ বেকারের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে চাই। বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সকল দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে পরিবারের সবাই উপকৃত হবে। এজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এ সময় মঞ্চে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content