প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১:২০:২২ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাররা কেন্দ্রমুখী হচ্ছেন, গড়ে উঠছে দীর্ঘ লাইন। নতুন সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারাও ভোট দিয়ে জানাচ্ছেন নিজেদের অনুভূতি ও প্রত্যাশা।
দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুনও সকাল সকাল ভোটকেন্দ্রে হাজির হন। ভোট দেওয়ার পর ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ভোট দেয়া সম্পন্ন। সকাল ৭টা ৩০ মিনিটে এখানে এসেছিলাম এবং দীর্ঘ লাইনের কারণে সকাল ৮টা ১০ মিনিটে আমার পালা আসে। মনোরম আবহাওয়া, উৎসাহী ভোটার এবং আন্তরিক কর্মকর্তারা এর অংশ হতে পেরে সত্যিই ভালো লাগছে। সবাই ভোট দিন। দীর্ঘজীবী হোক বাংলাদেশ।’
ভিডিওবার্তায় আশফাক নিপুন জানান, সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে পৌঁছালেও দীর্ঘ লাইনের কারণে ভোট দিতে সময় লাগে প্রায় ৪০ মিনিট। তবে আবহাওয়া ছিল স্বস্তিদায়ক, ভোটারদের উপস্থিতি ছিল উৎসাহী এবং দায়িত্বরত কর্মকর্তাদের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। ভিডিওবার্তাতেও তিনি সবাইকে ভোট দিতে উৎসাহিত করেন।
তিনি বলেন, ‘ভোট দেওয়া শেষ। সকাল-সকাল ভোট দিতে চলে আসছি। দারুণ পরিবেশ। অনেক মানুষ আসছে লম্বা লাইন।’
নির্মাতা আরও বলেন, ‘ভেতরে কয়েক দফা যাচাই-বাছাই করা হয় তাই ভেজালের সম্ভবনা নেই। ভোট দিতে চলে আসুন। তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক।’











