অপরাধ

মাধবপুরে ৫৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৬ , ৮:৩১:১১ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯-এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি হলুদ ও নীল রঙের পিকআপ জব্দ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) দুপুর দেড়টায় র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। এ সময় একটি হলুদ ও নীল রঙের পিকআপ থামানোর সংকেত দিলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চার ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পিকআপে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে পিকআপের বডির ভেতরে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের দক্ষিণ সুরমা থানার বড়াইকান্দি কাজিরখোলা গ্রামের তাহের মিয়ার ছেলে বাচ্চু (৩৭) ও জাবেদ মিয়া (২৩), মৌলভীবাজার জেলার সুনামগঞ্জ সদর উপজেলার কুমড়িআইল গ্রামের মৃত সুরত আলীর ছেলে মো. বদরুল ইসলাম (৩৮) এবং মৌলভীবাজার উপজেলার নরিয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে খলিল আহমেদ (২১)।
র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯-এর অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content