জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৫:৫৫:৪৯ প্রিন্ট সংস্করণ
জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি: দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক এবং বণিক বার্তা‘র ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক নুর উল্লাহ কায়সার “সাহসী সাংবাদিক সম্মাননা” পেয়েছেন।
শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান, শহীদ আবু সাঈদ হত্যার ভিডিও ধারণকারী সাংবাদিক তাওহীদুল হক সিয়াম এবং দ্য ডেইলি স্টার-এর ফটোসাংবাদিক ইমরান হোসেন।
ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ জানান, “জুলাই ২০২৪ থেকে জুলাই ২০২৫ সাল পর্যন্ত ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাহসী এবং আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ বছর শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারসহ মোট ১৯২ জন সাংবাদিককে সম্মাননা এবং আর্থিক সম্মানি বাবদ মোট ৫৬ লাখ টাকা প্রদান করা হয়েছে।”
সাংবাদিক নুর উল্লাহ কায়সার ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মাওলানা হাফেজ আহাম্মদের ছেলে। তিনি দুই দশক ধরে ফেনী জেলার সম্ভাবনা, সমস্যা ও অসঙ্গতি নিয়ে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন।
বর্তমানে তিনি দৈনিক বণিক বার্তা এবং ঢাকা মেইল এর ফেনী প্রতিনিধি এবং দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটি এবং ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।




















