মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৬:৫৫:০৮ প্রিন্ট সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মধুপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম ইউসুফজাই প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদ।
প্রতিযোগিতায় নজরুলের কবিতা, গান ও সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন রাখা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িকতারও কবি। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সমাজে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।





















