জাতীয়

ঝিকরগাছায় সরকারি রাস্তা দখল করে ঘর ও প্রাচীর নির্মাণ: প্রশাসনের নীরবতায় জনমনে ক্ষোভ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ২২ অক্টোবর ২০২৫ , ৭:৫২:৫১ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামে সরকারি ইটের সোলিং রাস্তা দখল করে বসতবাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনে লিখিতভাবে জানালেও দীর্ঘ তিন মাসেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

গ্রামবাসী গত ৩০ জুলাই গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর এক আবেদন জমা দেন। অভিযোগে বলা হয়, বাউসা গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ থেকে সোহরাবের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সরকারি ইটের সোলিং রাস্তা রয়েছে। কিন্তু সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি গায়ের জোরে ওই রাস্তার ইট তুলে বসতবাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করছেন।

গ্রামবাসী বাধা দিলেও তারা কোনো প্রতিবন্ধকতা তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার মানুষের চলাচল ও কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

গণস্বাক্ষরিত আবেদনে আরও উল্লেখ করা হয়, রাস্তা দখলের ঘটনায় খতিয়ান নং ১২২-এর দাগ নং ৬০, ৬১, ৩৭৯, ৩৮০ ও ৩৮২ নম্বর জমি আক্রান্ত হয়েছে। অভিযোগ দেওয়ার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, “অভিযোগের বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট প্রেরণ করা হয়েছে। তিনি প্রতিবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারোয়ার বলেন,“অভিযোগ পাওয়ার পর স্থানীয় ভূমি অফিসের নায়েবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে রাস্তা পরিমাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content