প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:১৭:২২ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সাবেক কৃষকদল নেতা হেলাল উদ্দিন পালোয়ানকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হেলাল উদ্দিন পালোয়ান উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান। তিনি জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা শাবল (দেশীয় কৃষি যন্ত্র) উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তবে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




















