জাতীয়

স্লোগান একটাই ‘লিডার আসছে’

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ২:২৯:০৯ প্রিন্ট সংস্করণ

সময়টা কম নয়, ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৩৫মিনিটে তারেক রহমান সড়ক পথে বিশেষ বাসে করে পূর্বাঞ্চলে অবস্থিত ৩০০ ফিটের দিকে রওনা দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আগমন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট সড়ক থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে আছে। সংবর্ধনা মঞ্চ থেকে রূপগঞ্জের নীলা মার্কেট পর্যন্ত সড়কের একই অবস্থা। তারেক রহমানকে স্বাগত জানাতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।

এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সারাদেশ থেকে ঢাকায় ছুটে এসেছেন লাখো নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর রাস্তাগুলোতে বেজে চলেছে নগর বাউল’খ্যাত জেমসের গাওয়া জনপ্রিয় গান ‘লিডার আসছে’। এটি এখন শুধু গানের মধ্যেই আটকে নেই- স্লোগান, ব্যানার, ফেস্টুনেও একই কথা ‘লিডার আসছে’। কেউ এলাকাভিত্তিক মিছিল করছে আবার কেউ সমবেতভাবে এগোচ্ছে ‘লিডার আসছে’ স্লোগান নিয়ে।

অন্যদিকে, স্লোগান ও ব্যানারের সঙ্গে উচ্ছ্বাসে ৩০০ ফিট যেন বিশাল উৎসবকেন্দ্রে পরিণত হয়েছে। পথেঘাটে খাবার ও পানির দোকান, স্পিকারবাহী ট্রাক, আর দলীয় ও দেশাত্মবোধক গান- সব মিলিয়ে এক স্বদেশ প্রত্যাবর্তনের উৎসবের দৃশ্য।

আরও খবর

Sponsered content