কক্সবাজার জেলা প্রতিনিধি: ২৭ জুলাই ২০২৬ , ১১:৩৩:২০ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ মহাসড়ক) রামু উপজেলার মধ্যম খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে শাহনাজ বেগম (৪০) ও রুবিন বেগম (৪২)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, হতাহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী জানান, কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
পরে আহত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে যান। তবে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।









