বিনোদন

‘বাঁধনকে দমানো এত সহজ হবে না’

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ

ইতালির ভেনিসে হয়রানি ও হামলার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গিয়ে একদল মানুষের হাতে তিনি হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেছেন। তার দাবি, এ সময় তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া এবং কানের পাশেও আঘাত করা হয়। পরে বিষয়টি স্থানীয় পুলিশকে জানান তিনি।

বাঁধনের ভাষ্যমতে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তার অবস্থানের কারণেই তাকে উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছে। ওই সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করার পাশাপাশি দেশি-বিদেশি গণমাধ্যমে আন্দোলনের পক্ষে কথা বলেছিলেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীদের কয়েকজন নিজেদের নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বলে পরিচয় দেন। কেউ কেউ নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলেও দাবি করেন। তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করেন এবং ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচারের চেষ্টা চালান।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। পরে হামলার সময় ধারণ করা কয়েকটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেসব ভিডিওর একটিতে তাকে বলতে শোনা যায়, তার ওপর হাত তোলা হয়েছে এবং কানের কাছেও আঘাত করা হয়েছে। একই সময় তার হাত থেকে ফোন ফেলে দেওয়ার কথাও জানান তিনি।

ঘটনার সময় বাঁধনের ভাই ও পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। ভাইয়ের শিশুসন্তানও সেখানে উপস্থিত ছিল বলে জানান অভিনেত্রী। প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির কথা উল্লেখ করে হামলাকারীদের থামানোর চেষ্টা করতে শোনা যায়। এর জবাবে একজনকে বলতে শোনা যায়, ‘কিসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।’ আরেকটি ভিডিওতে কয়েকজনকে বাঁধনকে ‘জুলাইয়ের জঙ্গি’ বলে মন্তব্য করতে শোনা যায়।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’ তার দাবি, হামলার সময় তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।’ তার ভাষ্য, ‘আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’

হামলাকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী আরও বলেন, তাদের এমন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা ভবিষ্যতে নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করলেও তা সফল হবে না।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতেই ইতালি গেছেন বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। বর্তমানে ইতালির মেস্ত্রেতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

আরও খবর

Sponsered content