শিক্ষা ও শিক্ষাঙ্গন

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৩৩:২৯ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সরদার। তিনি এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার স্থলাভিষিক্ত হ‌য়ে‌ছেন।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সরদারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ- যেটি আগে হবে, সে সময় পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার একজন খ্যাতনাামা গবেষক। সম্প্রতি তি‌নি মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬’ (স্বর্ণপদক)’ অর্জন করেন । তিনি ২০২৪ সাল থেকে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। সর্বশেষ গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

আরও খবর

Sponsered content