শিক্ষা ও শিক্ষাঙ্গন

বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কার উদ্ধার, যুবলীগ নেতা বকুলসহ ৫ জন আটক

  মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৪২:০৭ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুরে ছিনতাইকৃত একটি প্রাইভেট কার বেচাকেনার সময় ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন, বিরামপুর পৌর শহরের শিমুলতলী গড়েরপাড় গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ওফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুল (৫৩) । আটকৃত অন‍্যরা হলেন, বিরামপুর পৌর শহরের শিমুলতলী গড়েরপাড় গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল অনিক (২৯), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে শাখাওয়াত হোসেন (৫২), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া মাসুমপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কামরুল (৪১) ও মৃত আম্বর আলীর ছেলে মাসুদ রানা শুভ (৩২)।
সরেজমিনে থানায় গিয়ে জানা গেছে, গত শনিবার গাজীপুর জেলার রূপগঞ্জ উপজেলা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়। এ ঘটনায় প্রাইভেট কারটির মালিক রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় উক্ত ছিনতাইকৃত প্রাইভেট কারটি ৯ লক্ষ টাকায় বিক্রির চেষ্টা চলছিল। প্রাইভেট কারটি ক্রয়ের উদ্দেশ্যে বগুড়া শেরপুরের মাইস্যা কার হাউসের সত্ত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন বিরামপুরে আসেন। এসময় মোয়াজ্জেম হোসেন সতর্কতার সঙ্গে বিআরটিএ’র মাধ্যমে প্রাইভেট কারটির মালিকানা যাচাই করে মোবাইল ফোনে গাড়িটির প্রকৃত মালিকের সাথে কথা বলে জানতে পারেন প্রাইভেট কারটি গত শনিবার ছিনতাই হয়েছে।
পরবর্তীতে প্রাইভেট কারটি কিনতে আসা মোয়াজ্জেম হোসেনের তথ্য অনুসারে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী চক্রের ৫ জনকে আটক করে এবং প্রাইভেট কারটি থানার হেফাজতে নেয়।
বগুড়ার কার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের তাৎক্ষণিক সতর্কতা ও সাহসী পদক্ষেপের কারণে গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকৃত প্রাইভেট কার ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ ছিনতাই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা, এবিষয়েও তদন্ত চলছে।

আরও খবর

Sponsered content